Skip to main content

Ridge Bangla

আট নায়িকাকে সামলাবেন মোশাররফ করিম

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-এ আসছে নতুন কমেডি সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’। এই সিরিজে প্রথমবারের মতো ট্রাকচালক ‘আব্বাস’ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা মোশাররফ করিম। সিরিজটি পরিচালনা করছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। এটি মোশাররফ করিম ও অমিতাভ রেজার প্রথম বড় পরিসরের যৌথ কাজ।

মোশাররফ করিম বলেন, “চরিত্র ও গল্প অসাধারণ বলেই কাজটি করেছি। ‘আব্বাস’ চরিত্রটি হইচই-এর দর্শকদের জন্য একেবারে নতুন কিছু হয়ে উঠবে বলে বিশ্বাস করি।”

এই সিরিজে একসঙ্গে আটজন অভিনেত্রীকে দেখা যাবে ভিন্ন ভিন্ন চরিত্রে। অভিনয় করছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ এবং নতুন দুই মুখ অদিতি ও বৃষ্টি।

সিরিজে রুনা খান থাকছেন এক আত্মবিশ্বাসী ও রাগী নারীর চরিত্রে, তানজিকা আমিন শান্ত স্বভাবের এক নারীর চরিত্রে, মৌসুমী হামিদ নারী মৌয়াল হিসেবে, সাদিয়া আয়মান তরুণ ও চঞ্চল এক চরিত্রে, রোবেনা জুঁই এক নতুন রূপে, আর ফারহানা হামিদের চরিত্রে থাকবে আবেগ ও সংযমের ছাপ।

পরিচালক অমিতাভ রেজা বলেন, “আব্বাসের গল্পে ভালোবাসা, সন্দেহ আর কৌতুক মিশে আছে এক রোড অ্যাডভেঞ্চারে। আমার প্রিয় শিল্পীদের নিয়ে এই যাত্রা আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ।”

সিরিজটি মুক্তির অপেক্ষায় দর্শকদের মধ্যে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। মোশাররফ করিম ও আট নায়িকার ভিন্ন ভিন্ন রসায়ন এই সিরিজকে ঘিরে প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

This post was viewed: 67

আরো পড়ুন