Ridge Bangla

৮ স্ত্রী নিয়ে নতুন সিরিজে মোশাররফ করিম, প্রকাশ্যে এলো ‘বোহেমিয়ান ঘোড়া’

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’ মুক্তি পেয়েছে গতকাল রাতে ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, যিনি এক ট্রাকচালক আব্বাস-এর ভূমিকায় অভিনয় করছেন—আর এই চরিত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, তিনি আটজন নারীকে বিয়ে করেছেন!

আব্বাস পেশায় একজন ট্রাকচালক। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রাক চালাতে চালাতে নানা ঘটনা ও পরিস্থিতির মুখোমুখি হন তিনি, যার জেরে একে একে সাতটি বিয়ের বাঁধনে জড়ান। প্রতিটি স্ত্রীকে তিনি আলাদা পরিচয়ে চেনান, এবং তারা কেউই একে অপরের সম্পর্কে কিছু জানেন না—একমাত্র ব্যতিক্রম আব্বাসের বিশ্বস্ত সহকারী সেলিম।

গল্পে নাটকীয় মোড় আসে তখন, যখন আব্বাস তার অষ্টম বিয়ে করেন। তখনই শুরু হয় জটিলতা। একের পর এক মিথ্যে ফাঁস হতে থাকে, আর আব্বাস পড়েন বিপাকে। দর্শকের মনে প্রশ্ন জাগে—আব্বাস কি পারবে এই বিপদ থেকে মুক্তি পেতে?

মোশাররফ করিমের বিপরীতে সিরিজটিতে অভিনয় করেছেন আটজন অভিনেত্রী—রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, তানজিকা আমিন, রোবেনা রেজা জুঁই, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি। প্রতিটি চরিত্রই ভিন্ন ভিন্ন রূপ ও বৈচিত্র্যে উপস্থাপিত।

আব্বাস চরিত্র প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “আমরা আমাদের কাজটি সততার সঙ্গে করেছি, এখন অপেক্ষা দর্শকের প্রতিক্রিয়ার।”

সিরিজটিতে আরও অভিনয় করেছেন রাকিব হোসাইন ইভন, আশোক ব্যাপারী, সুমন পাটোয়ারী, পঙ্কজ মজুমদার ও শরীফুলসহ অনেকে। হাস্যরস, নাটকীয়তা ও চমকে ভরা এই সিরিজ ইতিমধ্যেই দর্শকদের মাঝে আলোচনার জন্ম দিয়েছে।

This post was viewed: 51

আরো পড়ুন