Ridge Bangla

বঙ্গোপসাগরে লঘুচাপের আশঙ্কা, চার বিভাগে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী মঙ্গলবার (২৭ মে) বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন এবং ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পেতে পারে।

সতর্কবার্তা অনুযায়ী, সোমবার (২৬ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সক্রিয় সঞ্চালনশীল মেঘমালার কারণে বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী (৪৪-৮৮ মিমি/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিমি বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।

পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা

এই অতি ভারী বৃষ্টির ফলে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি রয়েছে। আবহাওয়া অফিস পাহাড়ের পাদদেশে বসবাসকারী নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।

সমুদ্রগামীদের জন্য সতর্কতা

সমুদ্রগামীদের এই সময়ে সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। সম্ভাব্য লঘুচাপটি যদি গভীরতর হয় বা ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে পরবর্তী নির্দেশনা জারি করবে আবহাওয়া অধিদপ্তর।

This post was viewed: 44

আরো পড়ুন