Ridge Bangla

ভক্তদের কাছে লিটনের দুঃখপ্রকাশ

পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজে হারের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে দুঃখপ্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। সেই সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছেন, তার দল শিগগিরই ঘুরে দাঁড়াবে।

রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছে টাইগাররা। আগের দুই ম্যাচেও ব্যর্থতার বৃত্তে ছিল লিটনের দল—প্রথম ম্যাচে ৩৭ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে হেরে যায় বাংলাদেশ। শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করে বাংলাদেশ তোলে ১৯৬ রানের পুঁজি। লক্ষ্যটা কিছুটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও পাকিস্তান সেটি টপকে যায় ১৬ বল হাতে রেখেই।

আগের দুই ম্যাচে রান তাড়ায় ব্যর্থ হলেও এবার ব্যাটিংয়ে কিছুটা উন্নতির ছাপ রেখেছে সফরকারীরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেন, “বাংলাদেশি সমর্থকদের কাছে আমি সত্যিই দুঃখিত। আমরা একটি ম্যাচও জিততে পারিনি। আশা করি, আমরা ঘুরে দাঁড়াব।”

দলের ব্যর্থতার পেছনে ক্রিকেটারদের বারবার করা একই ভুলকেই দায়ী করছেন অধিনায়ক লিটন দাস। তার মতে, খেলোয়াড়রা এখনও নিজেদের ভুল থেকে বের হতে পারছে না।

সিরিজজুড়ে পরাজয়ের বেদনায় ডুবলেও গ্যালারিতে সমর্থকদের ভালোবাসা পেয়েছে বাংলাদেশ দল। এই সমর্থনকে কৃতজ্ঞতা জানিয়ে লিটন বলেন, “দর্শকরা অসাধারণ ছিল। দুই দলকেই সমর্থন করেছে, দারুণভাবে উপভোগ করেছে খেলা।”

বাংলাদেশ দলের সামনে পরবর্তী পরীক্ষা আগামী জুলাইয়ে, শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। তার আগে লঙ্কানদের মাটিতেই দুই টেস্ট ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা। গলে প্রথম টেস্ট দিয়ে সফর শুরু হবে ১৭ জুন।

This post was viewed: 40

আরো পড়ুন