Skip to main content

Ridge Bangla

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের এক দফা দাবির প্রেক্ষিতে এখন অনশন চলছে, তার মধ্যেই এ সিদ্ধান্ত এলো।

গত ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কুয়েটের পরিস্থিতি। শুরু হয় ৬ দফা দাবি আদায়ের আন্দোলন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস ও আবাসিক হল বন্ধ ঘোষণা করে এবং সংঘর্ষে জড়িত সন্দেহে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে। সেই সঙ্গে একটি মামলাও করা হয়, যেখানে একজন বহিরাগত ২২ শিক্ষার্থীর নাম উল্লেখ করেন।

গত ১৩ এপ্রিল শিক্ষার্থীরা হলে ফেরার দাবিতে ফের আন্দোলন শুরু করেন। কোনো প্রতিক্রিয়া না পেয়ে ২২ এপ্রিল বিকেল থেকে শিক্ষার্থীরা আমরণ অনশন শুরু করেন। প্রথমে ৩২ জন অনশনে অংশ নেন, যাদের মধ্যে অন্তত পাঁচজন শারীরিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

এ অবস্থায় বুধবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তিন সদস্যের তদন্ত কমিটি কুয়েট ক্যাম্পাসে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপরই সিন্ডিকেট সভায় বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত আসে। এই পদক্ষেপকে আন্দোলনকারীরা আংশিক সাফল্য হিসেবে দেখলেও এখনো উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

This post was viewed: 56

আরো পড়ুন