Skip to main content

Ridge Bangla

প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেষ্টা ইয়াশ-তটিনীর!

ছোটপর্দার জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তটিনী আবারও হাজির হয়েছেন এক আবেগঘন প্রেম ও সংকটের গল্প নিয়ে। নাটকের নাম ‘কী মায়ায় জড়ালে’, যেখানে প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় প্রেমিক-প্রেমিকা।
নাটকটি রচনা করেছেন মজুমদার শিমুল এবং পরিচালনায় রয়েছেন রাফাত মজুমদার রিংকু। এটি শুক্রবার (২ মে) একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে।

নাটকে দেখা যাবে, সোহেল নামের এক তরুণ চুপিসারে ভালোবাসে সুস্মিতাকে। কিন্তু সে কখনো সাহস করে ভালোবাসার কথা বলতে পারে না। সুস্মিতা জানলেও অপেক্ষায় থাকে—সোহেল কবে সাহস করে নিজেই বলবে তার মনের কথা। একদিন, রাস্তায় বাধ্য করেই সুস্মিতা সোহেলকে তার ভালোবাসা প্রকাশ করায় এবং শুরু হয় তাদের প্রেমের যাত্রা।

কিন্তু সুস্মিতার বড় বোন সন্তান প্রসবের সময় মারা যাওয়ার পর, পরিবার সিদ্ধান্ত নেয়, সুস্মিতা যেন বোনের শিশুর দায়িত্ব নিতে বড় বোনের স্বামীর সঙ্গে বিয়ে করে। সে কথা সোহেলকে জানালে, ভালোবাসায় আঘাত পেয়ে সোহেলও তার বাবাকে নিয়ে বিয়ের প্রস্তাব দেয়। কিন্তু সুস্মিতার পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পরিস্থিতি সহ্য করতে না পেরে সুস্মিতা আত্মহত্যার সিদ্ধান্ত নেয়। সোহেল জানায়, সে একা মরবে না—তারা একসাথে প্রাণ দেবে। এরপর বাজার থেকে বিষ এনে নির্জন স্থানে গিয়ে আত্মহত্যার চেষ্টা করে তারা।

তবে গল্প এখানেই শেষ নয়। তারা কি সত্যিই আত্মহত্যা করতে পারে? নাকি ভালোবাসা ও বাস্তবতা নতুন মোড় নেয়? এমনই প্রশ্ন ঘিরেই এগিয়ে যায় নাটক ‘কী মায়ায় জড়ালে’, যেখানে প্রেম, ত্যাগ এবং পারিবারিক বাস্তবতা এক হয়ে গড়ে তোলে এক হৃদয়স্পর্শী কাহিনি।

This post was viewed: 64

আরো পড়ুন