বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারও পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন রাজধানীর গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’য়। ঈদের দিন তিনি পরিবারের সদস্য ও দলের সিনিয়র নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
শুক্রবার (৬ জুন) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া গুলশানের ফিরোজা বাসভবনেই ঈদ উদযাপন করবেন। ওনার পরিবারের পক্ষ থেকে কোরবানির আয়োজনও ফিরোজাতেই করা হয়েছে।”
তিনি জানান, খালেদা জিয়ার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ফিরোজাতেই কোরবানি দেওয়া হবে। পাশাপাশি বগুড়ার গাবতলী উপজেলায় খালেদা জিয়া, তারেক রহমান ও পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকেও পশু কোরবানি করা হবে।
ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া পরিবারের সদস্যদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। এ সময় তার মেজ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ ঢাকায় অবস্থানরত ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা ফিরোজায় এসে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।
ঈদের রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সিনিয়র নেতারাও ফিরোজায় গিয়ে খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানান ডা. জাহিদ।
উল্লেখ্য, খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নিজ বাসভবনে চিকিৎসাধীন এবং নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।