Skip to main content

Ridge Bangla

হাসপাতাল থেকে শুটিংয়ে ছুটে গেলেন কাঞ্চন মল্লিক, আবার ফিরলেন হাসপাতালেই

সংসার, অভিনয় আর রাজনীতির ব্যস্ততা মিলিয়ে দিনরাত এক করে চলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক। কখনও তিনি নতুন ছবি ‘আমার বস’-এর প্রচারে, আবার কখনও ‘রক্তবীজ ২’-এর শুটিংয়ে। এত ব্যস্ততার মাঝে অসুস্থ হয়ে পড়েন কাঞ্চন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, অসুস্থ শরীর নিয়েই উইন্ডোজ প্রযোজনা সংস্থার পূজার সিনেমার শুটিং শেষ করেন তিনি। কাঞ্চনের স্বাস্থ্যের খোঁজ নিতে এক গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “হঠাৎ করেই প্রচণ্ড গরম পড়েছে। তার মধ্যেই আমরা টানা শুটিং করছিলাম। সম্ভবত সেখান থেকেই একটু অসুস্থ হয়ে পড়ি। এছাড়া পানি বা খাবার থেকেও সংক্রমণ হতে পারে। পেটের সমস্যা দেখা দিয়েছিল, শরীরে পানিশূন্যতাও হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।”

চিকিৎসার পর শরীর কিছুটা ঠিক হলেও, কাজের প্রতি দায়বদ্ধতায় চুপ করে বসে থাকেননি কাঞ্চন। হাসপাতালে চিকিৎসা চলাকালীন বন্ড সই করে ছুটে যান বানতলায় শুটিংয়ে। তিনি বলেন, “হাসপাতালে থাকতে বন্ড সই করতে হয়েছিল, কারণ তখন পুরোদমে শুটিং চলছিল। শুটিং করেছি, আবার ফিরে এসে স্যালাইন নিয়েছি। এভাবে দুদিন চলেছে।”

এখন আগের তুলনায় অনেকটাই ভালো আছেন কাঞ্চন, তবে কিছুটা দুর্বলতা এখনো রয়ে গেছে।

এদিকে ‘আমার বস’ সিনেমায় কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি কাঞ্চন। তিনি জানান, “রাখিদি আমাকে নতুন একটা নাম দিয়েছেন ‘চুকলিখোর’! সিনেমার চরিত্র অনুযায়ী তিনি আমাকে এ নামেই ডাকতেন, এমনকি ক্যামেরার বাইরে থেকেও। যাতে চরিত্রে ঢুকে অভিনয়টা আরও সহজ হয়।”

কাঞ্চন আরও বলেন, “নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। তাদের সঙ্গে কাজ মানেই পরিবারের সদস্যের মতো অনুভব করা।” ‘রক্তবীজ ২’ সিনেমাতেও কাঞ্চনের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ।

This post was viewed: 78

আরো পড়ুন