Ridge Bangla

মালদ্বীপে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক ইমন

ব্যতিক্রমী ও সৃজনশীল ভিডিও কনটেন্ট নির্মাণের স্বীকৃতি হিসেবে মালদ্বীপে ২০২৪ সালের সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি সাংবাদিক ও কনটেন্ট নির্মাতা ইমরুল কাওসার ইমন।

শনিবার (১৭ মে) মালদ্বীপের রাজধানী মালেতে প্রেসিডেন্ট ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে দেশটির অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্য মন্ত্রী হারিস মোহাম্মদ ইমনের হাতে এ পুরস্কার তুলে দেন।

সাউথ এশিয়ান বিজনেস পার্টনারশিপ আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালদ্বীপের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাঈদ মুস্তফা, খেলাধুলা ও ফিটনেস বিষয়ক প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ, ধর্ম প্রতিমন্ত্রী ও কিং সালমান মসজিদের ইমাম আব্দুল জলিল ইসমাইল। সভাপতিত্ব করেন এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক মো. গোলাম ফারুক মজনু।

এর আগে ২০২৩ সালেও নেপালে সেরা কনটেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইমন। তার নির্মিত প্রামাণ্যচিত্রে স্থান পেয়েছে বিশ্বের অন্যতম ভয়ংকর বিমানবন্দর লুকলা (নেপাল), আফ্রিকার দক্ষিণ প্রান্ত কেপ পয়েন্ট, এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মস্থানসহ ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ স্থানসমূহ।

ইতোমধ্যে ইমনের ভিডিও কনটেন্ট বিশ্বব্যাপী কোটিরও বেশি দর্শকের মন জয় করেছে। তিনি Pixel.com প্ল্যাটফর্মে শীর্ষস্থানে পৌঁছানো প্রথম বাংলাদেশি কনটেন্ট নির্মাতা হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।

সাংবাদিকতার পাশাপাশি ইমন রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক এবং মোবাইল, ইলেকট্রনিক্স ও অটোমোবাইল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

This post was viewed: 36

আরো পড়ুন