Skip to main content

Ridge Bangla

দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করলো জবি শিক্ষার্থীরা

দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসের ভিত্তিতে আন্দোলন প্রত্যাহার করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও শিক্ষার্থীরা। শনিবার (১৮ মে) থেকে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছউদ্দীন। এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ জানান, সরকার জবির শিক্ষক ও শিক্ষার্থীদের উত্থাপিত দাবি মেনে নিয়েছে।

শিক্ষার্থীরা শুক্রবার বিকেল ৩টা ৪৫ মিনিটে কাকরাইল মোড়ে অনশন শুরু করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পৃথক গ্রুপে ভাগ হয়ে অনশনে বসেন। তাদের প্রধান তিনটি দাবি ছিল—

১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত ২০২৫–২৬ অর্থবছর থেকে জবির ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি,
২. ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কোনো কাটছাঁট না করেই অনুমোদন,
৩. বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্প হিসেবে বাস্তবায়ন।

উল্লেখ্য, গত বুধবার শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে কাকরাইল মোড়ে পুলিশের লাঠিচার্জের শিকার হন। এরপর তারা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন এবং জানিয়ে দেন—প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না করে তারা ফিরে যাবেন না। সেই সঙ্গে পুলিশের হামলার বিচার নিশ্চিত করাও তাদের দাবির মধ্যে যুক্ত হয়।

বুধবার রাতেই তথ্য উপদেষ্টা মাহফুজ আলম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে গেলে তার দিকে বোতল ছোড়া হয়, যার ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরদিন বৃহস্পতিবার শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন এবং বিকেলে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা দেন।

This post was viewed: 65

আরো পড়ুন