Skip to main content

Ridge Bangla

মরুর দেশ মাতাতে সৌদিতে উড়াল দিচ্ছেন জেমস

বাংলাদেশের রকস্টার মাহফুজ আনাম জেমস এবার সৌদি আরবে অনুষ্ঠিতব্য ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ উৎসবে অংশ নিতে যাচ্ছেন। দাম্মামের আল ইসকান পার্কে আয়োজিত এই অনুষ্ঠানটি সৌদি সরকারের ‘রিয়াদ সিজন’-এর অংশ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি, বিনোদন, খাবার ও ঐতিহ্য তুলে ধরা হয়।

এবারের আয়োজনে বাংলাদেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩০ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত চারদিন। প্রতিদিনই থাকছে দেশীয় কারুশিল্প, সংস্কৃতি, খাবার, শিশুদের জন্য আয়োজন, কর্মশালা এবং সন্ধ্যায় জমকালো কনসার্ট।

সবচেয়ে আলোচিত দিন ২ মে—সেদিন মূল মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস। তার সঙ্গে গান করবেন বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা।

বাংলাদেশের প্রতিনিধিত্বকারী শিল্পীরা (৩০ এপ্রিল–৩ মে)

৩০ এপ্রিল: কণা, আকাশ মাহমুদ, শিল্পী আক্তার রিয়া, ডিজে সাফা
১ মে: ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন, আয়শা জেবিন দিপা, ডিজে সাফা
২ মে: জেমস, বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ, ডিজে সাফা
৩ মে: মিলা ইসলাম, আরমান আলিফ, বিউটি খান, ডিজে সাফা

এর আগেও রিয়াদে সৌদি সরকারের আমন্ত্রণে কনসার্ট করেছেন জেমস। তখন বিপুল সংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পূর্ণ হয়ে উঠেছিল। এবারও তেমনই সাড়া আশা করছেন আয়োজকরা।

জেমস জানান, “সৌদি সরকারের আমন্ত্রণে আবারও গান গাইতে যাচ্ছি। ২ মে দাম্মামে কনসার্টে অংশ নেব। এরপর ৯ মে জেদ্দাতেও একটি কনসার্ট আছে। সেখান থেকে আমি যুক্তরাষ্ট্রে যাব আমার ২০২৫ ট্যুরের অংশ হিসেবে।”

সংগীতশিল্পী মিলা ইসলাম বলেন, “এই উৎসবে গান গাইব—এটা আমার জন্য গর্বের। সৌদির প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংস্কৃতি ভাগ করে নেওয়ার দারুণ সুযোগ এটি।”

দিলশাদ নাহার কণা বলেন, “সৌদিতে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন, যারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের কিছু আনন্দ দিতে পারাটা আমাদের সৌভাগ্য।”

এই আন্তর্জাতিক উৎসব শুধু বিনোদন নয়, বরং প্রবাসীদের মধ্যে দেশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার এক অনন্য উদ্যোগ হয়ে উঠেছে।

This post was viewed: 67

আরো পড়ুন