Skip to main content

Ridge Bangla

তবে কি এবার ব্রাজিলের কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি?

এই মৌসুমে খুব একটা ভালো সময় কাটছে না রিয়াল মাদ্রিদের। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ‘কোপা দেল রে’র ফাইনালসহ এক মৌসুমে তিনবার হারের তিক্ত স্বাদ পেতে হয়েছে। চ্যাম্পিয়নস লিগ থেকে কোয়ার্টার ফাইনালেই বিদায়, লা লিগার শিরোপাও এখন ‘যদি-কিন্তু’র সমীকরণে। সব মিলিয়ে শিরোপাহীন একটি মৌসুমের আশঙ্কা জেগেছে লস ব্লাঙ্কোসদের ঘরে।

এমন বাস্তবতায় রিয়ালের কোচ হিসেবে কার্লো আনচেলত্তির দ্বিতীয় অধ্যায়ের ইতি টানার গুঞ্জন জোরালো হচ্ছে। আর সেই সুযোগে ইতালিয়ান এই কিংবদন্তি কোচকে দলে টানতে উঠেপড়ে লেগেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

২০২২ কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিল জাতীয় দল চরম কোচিং সংকটে ভুগছে। অল্প সময়ে তিন কোচ বদলেও কাঙ্ক্ষিত ফল আসেনি। সর্বশেষ আর্জেন্টিনার কাছে হারের পর বরখাস্ত হন কোচ দরিভাল জুনিয়র। দেশীয় কোচদের উপর আস্থা হারিয়ে এবারই প্রথম বিদেশি কোচের দিকে ঝুঁকছে সিবিএফ।

বিশ্বখ্যাত ফুটবল ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ব্রাজিল ফুটবল ফেডারেশন ইতোমধ্যেই আনচেলত্তিকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। স্পেনে অবস্থানরত সিবিএফের প্রতিনিধিরা রিয়াল মাদ্রিদের কোচের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন।

রোমানো আরও লিখেছেন, “সেলেসাও (ব্রাজিল দল) চায়, আনচেলত্তি যেন জুন মাসের মধ্যেই দায়িত্ব নেন। ফিফা ক্লাব বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে চায় না তারা।”

উল্লেখ্য, এর আগেও ব্রাজিল আনচেলত্তিকে কোচ হিসেবে চেয়েছিল, তবে রিয়ালের সঙ্গে ২০২৬ পর্যন্ত চুক্তির প্রস্তাব উপেক্ষা করতে পারেননি তিনি। এবার যদি চুক্তি চূড়ান্ত হয়, তবে শতাব্দীর মধ্যে এটাই হবে ব্রাজিলের কোনো বিদেশি কোচের প্রথম নিয়োগ। তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষ এই বিষয়ে মুখ খোলেনি।

This post was viewed: 73

আরো পড়ুন