Skip to main content

Ridge Bangla

ইরান আত্মসমর্পণ করবে না: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ইরান যেমন চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়ে তুলেছে, তেমনি চাপিয়ে দেওয়া শান্তির বিপক্ষেও কঠোর অবস্থান নেবে। বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি ঘোষণা দেন, “ইরানি জাতি কখনও কারও চাপের মুখে আত্মসমর্পণ করবে না।”

ইসরায়েলকে হুঁশিয়ার করে খামেনি বলেন, “তাদের ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি আরও বলেন, “যারা ইরান ও এর ইতিহাস সম্পর্কে জানে, তারা হুমকির ভাষায় কথা বলেন না। ইরানি জাতি হুমকির সামনে কখনও মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।”

খামেনি সতর্ক করে বলেন, “যেকোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ হবে ভয়াবহ ও অপূরণীয় ক্ষতির কারণ, যার পরিণতি যুক্তরাষ্ট্র সহজে সামাল দিতে পারবে না।”

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ জানান, যদি কোনো তৃতীয় পক্ষ ইসরায়েল-ইরান সংঘাতে সরাসরি জড়িয়ে পড়ে, তাহলে তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়বে এবং ভয়াবহ পরিণতি ডেকে আনবে। তিনি বলেন, “ইরান বর্তমানে কেবল ইসরায়েলের ভূখণ্ডে হামলার দিকেই মনোযোগ দিচ্ছে।”

বাঘাঈ আরও বলেন, “আমাদের বিশ্বাস, প্রতিবেশী দেশগুলো যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা চালাতে দেবে না।” যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রসঙ্গে তিনি জানান, কূটনৈতিক পথ এখনও খোলা আছে, তবে তেহরান ওয়াশিংটনের ওপর আর আস্থা রাখে না। একইসঙ্গে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আন্তর্জাতিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

This post was viewed: 62

আরো পড়ুন