Skip to main content

Ridge Bangla

২ জুন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পেশ করবে

২০২৫-২৬ অর্থবছরের জন্য সম্ভাব্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে আগামী ২ জুন (সোমবার)। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বাজেট পেশ করবে। সাধারণত জুন মাসের কোনো বৃহস্পতিবার বাজেট ঘোষণার রেওয়াজ থাকলেও এবার সেই ধারায় ভিন্নতা আসছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত আর্থিক, মুদ্রা ও বিনিময় হার সংক্রান্ত সমন্বয় কাউন্সিল এবং সম্পদ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদুল আজহার ছুটি শুরুর আগেই বাজেট ঘোষণা করা হবে। বাজেট ঘোষণার পরদিন অর্থ উপদেষ্টা বাজেট-উত্তর সংবাদ সম্মেলন করবেন।

জাতীয় সংসদ বিলুপ্ত থাকায় এবারের বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে পেশ করা হবে এবং অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ টেলিভিশনের পর্দায় বাজেট উপস্থাপন করবেন।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের আকার ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সে তুলনায় নতুন বাজেটের আকার প্রায় ৭ হাজার কোটি টাকা কম হতে পারে। আগামী বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জন্য রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৫ লাখ ১৮ হাজার কোটি টাকা, যেখানে চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা।

এর আগে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, নানা কারণে আগামী বাজেটের আকার কিছুটা কমাতে হচ্ছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকারও ছোট হবে এবং নতুন কোনো বড় প্রকল্প নেওয়া হবে না। তবে চলমান বড় প্রকল্পগুলোর অর্থায়ন অব্যাহত থাকবে।

This post was viewed: 54

আরো পড়ুন