Skip to main content

Ridge Bangla

তিস্তার পানি অস্ত্র বানিয়েছে ভারত: মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, “পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না, কিন্তু ভারত তা করে দেখিয়েছে। তারা তিস্তার উজানের পানি আটকে রেখে এপার বাংলার মানুষের জীবন নিয়ে খেলা করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

শনিবার (৪ মে) দুপুরে রংপুর নগরীর শাপলা চত্বরে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সমাবেশের মূল দাবি ছিল তিস্তার পানির ন্যায্য হিসাব আদায় এবং তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন।

মির্জা আব্বাস বলেন, “আমরা আর কারো কাছে কাঁদতে চাই না, ভিক্ষা বা করুণা চাই না। আমাদের যে প্রাপ্য, সেটুকুই আমরা চাই। তিস্তার পানির হিস্যা আজ নয় তো কাল, ভারতকে দিতেই হবে। আর এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

বর্তমান সরকারকে দায়ী করে তিনি বলেন, “শেখ হাসিনা শুধু আশ্বাস দিয়েছেন, বাস্তবায়ন কিছুই করেননি। তিস্তা নিয়ে আবেগতাড়িত রাজনীতি করা হয়েছে, কিন্তু বাস্তব কোনো উদ্যোগ দেখা যায়নি। এখন আমাদের দরকার এমন একটি নির্বাচিত সরকার, যারা জনগণের অধিকার বুঝবে এবং তা আদায়ে পদক্ষেপ নেবে।”

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, এবং মহানগর আহ্বায়ক শামসুজ্জামান সামু।

সমাবেশ শেষে শাপলা চত্বর থেকে একটি বিশাল গণপদযাত্রা বের হয়, যা জেলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়। এই কর্মসূচিতে রংপুর বিভাগের পাঁচটি জেলা থেকে হাজারো মানুষ অংশ নেন, যারা তিস্তা নদীর পানির ন্যায্য অধিকার আদায়ের দাবিতে কণ্ঠ মেলান।

This post was viewed: 73

আরো পড়ুন