Skip to main content

Ridge Bangla

ভারত-পাকিস্তান উত্তেজনায় সীমান্ত নিরাপত্তায় সতর্কবার্তা আইজিপির

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশের সীমান্ত নিরাপত্তা যেন কোনোভাবে বিঘ্নিত না হয়, সেজন্য সীমান্তবর্তী জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশানে বাংলাদেশ শ্যুটিং স্পোর্টস ফেডারেশনে আয়োজিত ‘আইজিপি কাপ-২০২৪’ শ্যুটিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম বিপিএম এবং সভাপতিত্ব করেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ শুটিং ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামাল।

প্রতিযোগিতায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) চ্যাম্পিয়ন এবং স্পেশাল ব্রাঞ্চ (এসবি) রানার্সআপ হয়। ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট (পুরুষ)’ নির্বাচিত হন এসবির নায়েক তানজীব হোসেন খন্দকার এবং ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট (নারী)’ হন কনস্টেবল রুনা আক্তার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বাহারুল আলম বলেন, “ভারতের সঙ্গে আমাদের ৩০টি এবং মিয়ানমারের সঙ্গে ৩টি সীমান্ত জেলা রয়েছে। সেখানে যেন কোনো ধরনের সংঘাতের প্রভাব না পড়ে, সেজন্য আগেই সংশ্লিষ্ট পুলিশ সুপারদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমরা সর্বাত্মকভাবে দেশের নিরাপত্তা নিশ্চিত রাখতে প্রস্তুত আছি।”

This post was viewed: 76

আরো পড়ুন