Ridge Bangla

মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়ল ‘হাউজফুল ৫’, আয় ৪০ কোটির বেশি

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘হাউজফুল ৫’ মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে রেকর্ড গড়েছে। ৬ জুন শুক্রবার মুক্তির দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৪০ কোটি ৭৫ লাখ রুপি, যা চলতি বছরের প্রথম দিনে সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমার তালিকায় শীর্ষস্থানে রয়েছে।

ভারতীয় বক্স অফিস সূত্রে জানা গেছে, ভারতে সিনেমাটি প্রথম দিনেই ২৪ কোটি রুপি নেট আয় করেছে, যেখানে মোট আয় দাঁড়িয়েছে ২৮ কোটি ৭৫ লাখ রুপি। আন্তর্জাতিক বাজার থেকে এসেছে আরও ১২ কোটি রুপির আয়।

তরুণ মনসুখানি পরিচালিত এই কমেডি সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি রয়েছেন নার্গিস ফাখরি, অভিষেক বচ্চন, জ্যাকুলিন ফার্নান্দেজ, রীতেশ দেশমুখ, সৌন্দর্য শর্মা, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়াস তলেপড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, ডিনো মোরিয়া, চিত্রাঙ্গদা সিং, সোনম বাজওয়া, চাঙ্কি পান্ডে ও জনি লিভারের মতো একঝাঁক তারকা।

অক্ষয় কুমারের এই বছরের অন্যান্য রিলিজ ‘স্কাই ফোর্স’ ও ‘কেসরি চ্যাপ্টার-২’ যথাক্রমে প্রথম দিনে ১৪ কোটি রুপি আয় করলেও, ‘হাউজফুল ৫’ তা ছাড়িয়ে গেছে। এমনকি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত তারই আরেক হিট সিনেমা ‘সূর্যবংশী’র প্রথম দিনের ৩০ কোটি ৫০ লাখ রুপির রেকর্ডও অতিক্রম করেছে এটি।

প্রথম দিনেই এমন দুর্দান্ত আয় থেকে বোঝা যাচ্ছে, দর্শকমহলে অক্ষয়ের এই বহুতারকাবহুল কমেডি ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘হাউজফুল ৫’ বক্স অফিসে একটি সফল যাত্রা শুরু করেছে।

This post was viewed: 31

আরো পড়ুন