Skip to main content

Ridge Bangla

তীব্র জোয়ারে আবারও ঝুঁকিতে মেরিন ড্রাইভ, ভাঙনের আশঙ্কা

স্বাভাবিক জোয়ারের তুলনায় বেশি উচ্চতার ঢেউ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে আঘাত হানছে। এতে প্রায় আড়াই কিলোমিটার সড়ক ভাঙনের ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত মেরিন ড্রাইভ সড়কের ওপর সাগরের ঢেউ আছড়ে পড়তে দেখা যায়। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সেলিম জানান, ২০২৩ সালের আগস্টে পূর্ণিমার জোয়ারে এই অংশে ভাঙন দেখা দিয়েছিল। পরে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর জিও ব্যাগে মাটি ফেলে সড়ক রক্ষার উদ্যোগ নেয়।

তবে বুধবার জোয়ারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আবারও সড়কের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। এ অবস্থায় আশপাশের প্রায় দুই হাজার পরিবার ঝুঁকিতে পড়েছে। তিনি দ্রুত প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান বলেন, “বর্তমানে আবহাওয়া স্বাভাবিক থাকলেও অমাবস্যার কারণে সাগরের পানি স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি। সাধারণ সময়ে ঢেউয়ের উচ্চতা যেখানে ৩ মিটার থাকে, সেখানে বুধবার তা ৪ মিটার ছাড়িয়েছে। তবে বৃহস্পতিবার থেকে পানি কমে আসবে।”

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পাশে প্রভাবশালীরা জমি কিনে তা ভরাট করতে সমুদ্র থেকে অবাধে বালু উত্তোলন করছে। এতে সড়ক আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি, সড়ক রক্ষায় স্থাপিত অনেক জিও ব্যাগ ইতোমধ্যে ফেটে গেছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এহসান উদ্দিন বলেন, “মেরিন ড্রাইভ সড়ক সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধানে রয়েছে। ঢেউয়ের আঘাতে সড়কের কিছু অংশ ঝুঁকিপূর্ণ হয়েছে বলে জানতে পেরেছি। জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি এবং সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।”

This post was viewed: 52

আরো পড়ুন