Skip to main content

Ridge Bangla

ভারত-পাকিস্তান সীমান্তে রাতভর তীব্র গোলাগুলি, উত্তেজনা চরমে

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে চরমে পৌঁছেছে। হামলার পর থেকেই উভয় দেশ একে অপরের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে পাল্টাপাল্টি সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে।

সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে সেনা মোতায়েন, চলছে টানা সামরিক মহড়া ও গোলাগুলি। সর্বশেষ শনিবার (৩ মে) রাতভর নিয়ন্ত্রণরেখার (এলওসি) বিভিন্ন সেক্টরে তীব্র সংঘর্ষ হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এই গোলাগুলিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সংঘর্ষ বলে উল্লেখ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি ও আখনুর সেক্টরে রাতভর গোলাগুলি চলে। ভারতীয় সেনাবাহিনীর দাবি অনুযায়ী, পাকিস্তানি বাহিনী বিনা উসকানিতে গুলি চালায় এবং ভারত তার পাল্টা জবাব দেয়। সংঘর্ষে একসঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক পাকিস্তানি পোস্ট অংশ নিয়েছে বলেও ভারতীয় সেনা সূত্র জানিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

সংঘর্ষের ঠিক আগে ভারতের রাজস্থানের সীমান্ত এলাকা থেকে পাকিস্তানের এক রেঞ্জারকে আটক করেছিল বিএসএফ। ধারণা করা হচ্ছে, এই ঘটনার প্রতিক্রিয়াতেই পাকিস্তান এলওসি-তে বড় হামলা চালায়। এর আগে, গত ২৩ এপ্রিল পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে ভারতীয় বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহুকে ধরে নিয়ে যায় পাকিস্তানি রেঞ্জাররা, যাকে এখনো ফেরত দেওয়া হয়নি।

সাধারণত, সীমান্ত ভুল করে পার হয়ে যাওয়া সেনাদের ফিরিয়ে দেওয়ার প্রচলন দুই দেশের মধ্যে ছিল। তবে বর্তমানে তীব্র উত্তেজনার কারণে সেই রীতি কার্যত বন্ধ হয়ে গেছে।

উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এই হামলাকে ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে ধরা হচ্ছে। ভারত এই হামলায় পরোক্ষভাবে পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং একাধিক কূটনৈতিক পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তান সিমলা চুক্তি স্থগিত করে, ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেয় এবং ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

সামরিক মহড়া, বাকযুদ্ধ ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার মাধ্যমে দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। ভারতের একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে পাকিস্তান শনিবার ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করে বলে জানায়। ৪৫০ কিমি পাল্লার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয় ‘সিন্ধু মহড়া’র অংশ হিসেবে। সীমান্তে ক্রমবর্ধমান এই উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক অঙ্গনেও।

This post was viewed: 60

আরো পড়ুন