Skip to main content

Ridge Bangla

বড়লেখায় চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগানে রবি চাষা (৩৫) নামের এক চা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ মে) দুপুরে নিজ বাড়ির উঠানে জাম্বুরা গাছের ডালে রশি প্যাঁচানো অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

রবি চাষা ছিলেন ওই চা বাগানের স্থায়ী শ্রমিক এবং মৃত হরিয়া চাষার ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির উঠানে গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত ছিলেন না। এর পর থেকেই রবি চাষার স্ত্রী ও কন্যা নিখোঁজ—তাদের পলাতক বলেই ধারণা করছেন স্থানীয়রা।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, এটি প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা জানতে তদন্ত চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সুজিত কানু জানান, “রবি চাষা ছিলেন একজন শান্ত ও নিরীহ মানুষ। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা—তা এখনও বলা যাচ্ছে না।”

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে, এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি ঘিরে তদন্ত অব্যাহত রেখেছে।

This post was viewed: 46

আরো পড়ুন