Skip to main content

Ridge Bangla

মগবাজারে চাঞ্চল্যকর সেই ছিনতাইয়ের ঘটনায় চারজন গ্রেপ্তার

রাজধানীর মগবাজারের গ্রীনওয়ে গলিতে শিক্ষার্থীর ওপর চাপাতি দিয়ে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার সকালে ডিবির তেজগাঁও বিভাগের একটি দল ঢাকা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—শামিম (২৪), জীবন ওরফে হৃদয় (২৭), সোহেল রানা (৩৬) এবং ছিনতাইকৃত মালামালের ক্রেতা মকবুল হোসেন (২৫)। অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ব্যাগ, নগদ ৯ হাজার ৬০০ টাকা, একটি মোবাইল ফোন, দুটি চাপাতি, একটি সুইচ গিয়ার ছুরি ও একটি মোটরসাইকেল।

ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা একটি পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ১৮ মে সকালে মগবাজারের গ্রীনওয়ে গলিতে হেঁটে যাওয়ার সময় এক শিক্ষার্থীর ওপর মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী হামলা চালায়। ব্যাগ ছিনিয়ে নিতে গেলে বাধা দিলে তাকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপানো হয়। পুরো ঘটনাটি আশপাশের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং পরে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

পুলিশ জানায়, ভিডিও বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। গত ২৫ মে ভুক্তভোগী আব্দুল্লাহ হাতিরঝিল থানায় মামলা করলে তদন্ত আরও গতি পায়।

This post was viewed: 45

আরো পড়ুন