Skip to main content

Ridge Bangla

উখিয়ায় ১৫ একর বনভূমি দখলমুক্ত করল বনবিভাগ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জে অভিযান চালিয়ে ১৫ একর বনভূমি দখলমুক্ত করেছে বনবিভাগ। রোববার (২৫ মে) উপজেলার কুতুপালং এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উখিয়া সদর বিট কর্মকর্তা মো. আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

বনবিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দখলদার চক্র দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে বনভূমি দখল করে বসতি গড়ে তুলছিল। গোপন সংবাদের ভিত্তিতে বনকর্মীরা ওই চক্রের বিরুদ্ধে অভিযান চালান।

বিট কর্মকর্তা আব্দুল মান্নান জানান, শুধু কুতুপালং নয়, এর আগে উখিয়ার মধুরছড়া থেকে ১৫ একর, টি অ্যান্ড টি এলাকা থেকে ৫ একর এবং ফলিয়াপাড়া থেকে ১ একর বনভূমি উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে তিনটি পাহাড় থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ডাম্পার ও একটি জ্বালানি কাঠের গাড়ি জব্দ করা হয়েছে। দখলদারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় এবং আদালতে মামলা দায়ের করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. নূরুল ইসলাম বলেন, “জেলার প্রতিটি অঞ্চলে বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান চলছে।” তিনি প্রশাসন ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।

This post was viewed: 40

আরো পড়ুন