Skip to main content

Ridge Bangla

পেহেলগামে হামলাকারীদের খোঁজে কলম্বোতে ফ্লাইটে তল্লাশি

পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান সম্পর্ক চরম উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। এবার এই প্রেক্ষাপটে তল্লাশির ক্ষেত্র বিস্তৃত হয়ে পৌঁছেছে শ্রীলঙ্কাতেও। শনিবার ভারতের চেন্নাই থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কলম্বো বিমানবন্দরে বড় আকারে নিরাপত্তা অভিযান চালানো হয়।

ভারতীয় গোয়েন্দাদের একটি সতর্কবার্তায় জানানো হয়, চেন্নাই থেকে ছেড়ে যাওয়া ইউএল১২২ ফ্লাইটে ছয়জন সন্দেহভাজন জঙ্গি কলম্বো পৌঁছেছেন, যারা ২২ এপ্রিল পেহেলগামে সংঘটিত হামলার সঙ্গে সংশ্লিষ্ট। এই তথ্যের ভিত্তিতেই কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় দুপুর ১২টায় ফ্লাইটটি অবতরণের পরপরই শুরু হয় তল্লাশি অভিযান।

স্থানীয় গণমাধ্যম জানায়, শ্রীলঙ্কার পুলিশ, বিমানবাহিনী ও বিমানবন্দরের নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে এ তল্লাশি পরিচালনা করে। তবে অভিযানে কোনো সন্দেহভাজন যাত্রীকে পাওয়া যায়নি।

শ্রীলঙ্কান এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার থেকে তারা একটি এলার্ট পেয়েছিল, যেখানে উল্লেখ ছিল যে ওই ফ্লাইটে ভারতের ‘ওয়ান্টেড’ তালিকাভুক্ত ব্যক্তি থাকতে পারেন। এই তথ্যের ভিত্তিতেই বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে অভিযান চালানো হয়।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। হামলাকারীরা এখনও পলাতক এবং ধারণা করা হচ্ছিল যে তারা দক্ষিণ কাশ্মীরে লুকিয়ে আছে। এবার সেই সন্দেহের পরিধি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ায় দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।

This post was viewed: 74

আরো পড়ুন