Skip to main content

Ridge Bangla

বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে শনিবার (৭ জুন) সকাল ৭টায়। কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি এই প্রথম জামাতে অংশ নেন এবং দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন।

জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বিরের দায়িত্বে ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী। নামাজের আগে সংক্ষিপ্ত বয়ানে হাফেজ মাওলানা ইহসানুল হক কোরবানির তাৎপর্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ, কোরবানির বিধান ও দান-সদকার গুরুত্ব তুলে ধরেন।

নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ইসলামী ফাউন্ডেশনের দেওয়া তথ্যমতে, ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররমে মোট পাঁচটি জামাত অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় জামাত সকাল ৮টায় (ইমাম: ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী), তৃতীয় জামাত সকাল ৯টায় (ইমাম: ড. মুশতাক আহমদ), চতুর্থ জামাত সকাল ১০টায় (ইমাম: মুফতী মো. আব্দুল্লাহ) এবং পঞ্চম জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে (ইমাম: মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন) অনুষ্ঠিত হবে। প্রতিটি জামাতে মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী ফাউন্ডেশনের মনোনীত কর্মীরা।

সব জামাত ঘিরে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি। মুসল্লিদের নির্বিঘ্নে ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে সার্বিক সহায়তা প্রদান করা হয়।

This post was viewed: 78

আরো পড়ুন