Skip to main content

Ridge Bangla

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা খুন, যুবক গ্রেপ্তার

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় রুমেল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেলকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই এলাকার রেজাউল ইসলামের ছেলে এবং হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে পুলিশের দাবি।

এর আগে, ১৬ এপ্রিল (বুধবার) রাত সাড়ে ১০টার দিকে তালাইমারী শহীদ মিনার এলাকায় আকরাম আলী তার মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করলে তাকে পিটিয়ে ফেলা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার ছেলে ইমাম হাসানও মারধরের শিকার হন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ইমাম হাসান সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, “ঘটনার তদন্তে রুমেল জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”

This post was viewed: 75

আরো পড়ুন