Ridge Bangla

ইলন মাস্কের নতুন রাজনৈতিক দলের নাম প্রকাশ

ইলন মাস্কের সাম্প্রতিক রাজনৈতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। প্রযুক্তি জগতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী এবার সরাসরি রাজনীতির ময়দানে নামতে চলেছেন, তাও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের মধ্য দিয়ে।

মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি ‘আমেরিকা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন, যার লক্ষ্য হবে যুক্তরাষ্ট্রে মাঝামাঝি অবস্থানের সাধারণ নাগরিকদের প্রতিনিধিত্ব করা।

এই রাজনৈতিক ভোলবদলের পেছনে রয়েছে এক বছরের জটিল সম্পর্কের গতিবিধি। ২০২৪ সালে মাস্ক ট্রাম্পের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। তিনি ট্রাম্পপন্থী একটি রাজনৈতিক গ্রুপকে ২৬০ মিলিয়ন ডলারের বেশি অনুদান দিয়েছিলেন এবং ২০২৫ সালের শুরুতে ট্রাম্প প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’ বা ডজ-এর সহ-প্রধান হিসেবে নিযুক্ত হন। এই দপ্তরের লক্ষ্য ছিল সরকারের অপচয় হ্রাস ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করা।

তবে ট্রাম্পের সাম্প্রতিক বাজেট পরিকল্পনা ও নীতির বিরোধিতা করে মাস্ক পদত্যাগ করেন। বিশেষ করে ট্রাম্পের ২.৪ ট্রিলিয়ন ডলারের কর ও ব্যয় বিলকে মাস্ক “জঘন্য ও বেহায়াপনা” বলে উল্লেখ করেন। এরপর থেকেই দুইজনের সম্পর্ক আরও খারাপ হতে থাকে।

মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি জরিপ চালান, যেখানে তিনি প্রশ্ন করেন, যুক্তরাষ্ট্রে এমন একটি রাজনৈতিক দল গঠনের সময় কি এসেছে, যা মাঝারি ও মধ্যপন্থী জনগণের ৮০ শতাংশ প্রতিনিধিত্ব করবে? জরিপে অংশ নেয় ৫৬ লাখের বেশি মানুষ এবং প্রায় ৮০ শতাংশ এই প্রস্তাবের পক্ষে রায় দেন।

জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাস্ক ঘোষণা দেন, তিনি ‘আমেরিকা পার্টি’ গঠন করবেন।

ট্রাম্পও চুপ থাকেননি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্পেসএক্স ও টেসলার সঙ্গে সরকারের সব ধরনের চুক্তি বাতিল করা হতে পারে। এর জবাবে মাস্ক ট্রাম্পকে শিশু পাচার মামলার আসামি জেফরি অ্যাপস্টেইনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ তোলেন এবং ট্রাম্পের অভিশংসনের দাবি জানান।

এই দ্বন্দ্বের প্রভাব পড়ে শেয়ারবাজারেও। ট্রাম্প-মাস্ক বিরোধ প্রকাশ্যে আসার পরদিন টেসলার শেয়ার ১৪ শতাংশ এবং ট্রাম্প মিডিয়ার শেয়ার ৮ শতাংশ পড়ে যায়। যদিও পরদিন কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার।

রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে কেউ কেউ ব্যক্তিগত ক্ষমতার দ্বন্দ্ব হিসেবে দেখছেন, আবার অনেকের মতে এটি হতে পারে আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে মাস্কের কৌশলগত চাল।

This post was viewed: 55

আরো পড়ুন