Skip to main content

Ridge Bangla

২৯ এপ্রিল প্রবাসীদের ভোটাধিকার নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন

প্রবাসী বাংলাদেশিদের নিজ নিজ দেশে বসেই ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা নির্ধারণে আগামী ২৯ এপ্রিল বিভিন্ন রাজনৈতিক দল, নির্বাচন বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রবাসীদের ভোট নিয়ে গঠিত ইসির অ্যাডভাইজরি কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইসির সিনিয়র সচিব মো. আখতার হামিদ জানান, “২৯ এপ্রিল আমরা একটি সেমিনারের আয়োজন করছি, যেখানে রাজনৈতিক দলের প্রতিনিধি, স্টেকহোল্ডার ও গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হবে।”

এর আগে ৮ এপ্রিল প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন নিয়ে কর্মশালা আয়োজন করেছিল ইসি। ওই কর্মশালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সেখানে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট—এই তিনটি পদ্ধতির সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।

প্রযুক্তি দিক বিশ্লেষণে ঢাবি, বুয়েট ও এমআইএসটির বিশেষজ্ঞদের নিয়ে তিনটি পৃথক কমিটি গঠন করা হয়, যারা ইতোমধ্যে প্রতিবেদন জমা দিয়েছে।

ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “প্রতিবেদনগুলোতে তিনটি ভোটিং পদ্ধতির সুবিধা-অসুবিধা ও সীমাবদ্ধতা উল্লেখ করা হয়েছে। এখন এসব বিষয় নিয়ে স্টেকহোল্ডারদের মতামত নেওয়া হবে, তারপর কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

ইসি সূত্রে জানা গেছে, ২৯ এপ্রিলের সংলাপে প্রায় অর্ধশত নিবন্ধিত ও অনিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধি, নির্বাচন ও স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণমাধ্যম প্রতিনিধি, সুশীল সমাজ এবং নির্বাচন বিটের সাংবাদিকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এখনই কোনো একটি পদ্ধতিকে চূড়ান্তভাবে উপযুক্ত বলা যাচ্ছে না। স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

This post was viewed: 57

আরো পড়ুন