Ridge Bangla

বিশ্বজুড়ে পালিত হচ্ছে ঈদুল আজহা

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার (৬ জুন) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল আজহা। চাঁদ দেখার ওপর ভিত্তি করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে।

ঈদের নামাজ আদায়ের পর মুসলমানরা ত্যাগের মহিমা স্মরণে পশু কোরবানি করছেন। ইতোমধ্যে পবিত্র নগরী মক্কার মসজিদুল হারামে লাখো মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন। হজ পালনরত হাজিরা ৯ জিলহজ মুজদালিফায় রাত যাপন শেষে মিনায় পৌঁছে বড় জামরায় শয়তানকে পাথর নিক্ষেপ করেন, এরপর কোরবানি দিয়ে মাথা মুণ্ডন বা ছাঁটিয়ে ইহরাম থেকে হালাল হন।

বিশ্বের অন্যান্য মুসলিমপ্রধান দেশেও ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় উৎসবটি ধর্মীয় রীতি-নীতি অনুসরণ করে উদযাপন করা হচ্ছে। ভৌগোলিক কারণে অস্ট্রেলিয়ায় বিশ্বে সবার আগে ঈদের আনুষ্ঠানিকতা শুরু হয়। যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন দেশেও আজ ঈদ উদযাপিত হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, মরক্কো, মৌরিতানিয়া ও ব্রুনেইয়ে চাঁদ দেখার ভিত্তিতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল শনিবার (৭ জুন)। এসব দেশে ঈদ উদযাপনের সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

This post was viewed: 42

আরো পড়ুন