Skip to main content

Ridge Bangla

ডাকসু নির্বাচন: ঈদের পর গঠিত হচ্ছে নির্বাচন কমিশন

পূর্বঘোষিত সময়সীমা অনুযায়ী আজ ২ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের নির্বাচন কমিশন গঠনের কথা থাকলেও তা পিছিয়ে ঈদের পর গঠনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীদের প্রত্যাশা ও আগ্রহকে সম্মান জানিয়ে প্রশাসন একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের টাইমলাইন প্রকাশ করে। এ পর্যন্ত ৪র্থ ধাপের কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে, এবং ৫ম, ৬ষ্ঠ ও ৭ম ধাপের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

৫ম ধাপে ছাত্রসংগঠনগুলোর সঙ্গে প্রথম পর্বের বৈঠক ইতোমধ্যে ১৩ মে সম্পন্ন হয়েছে। ৬ষ্ঠ ধাপে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশীজনদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে কিছুটা সময় লাগলেও নির্বাচন কমিশন গঠনের কাজ এগিয়ে চলেছে।

ইতোমধ্যে সাতজন শিক্ষকের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে তিনজনের নাম চূড়ান্ত করা হয়েছে—অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন (উদ্ভিদ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. এস এম শামীম রেজা (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ) ও অধ্যাপক ড. কাজী মারুফুল ইসলাম (ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ)।

দেশের সার্বিক পরিস্থিতি, ঈদের ছুটি ও সংশ্লিষ্ট শিক্ষকদের অনুপস্থিতির কারণে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হলেও ঈদের পর সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে অনুমোদনের মধ্য দিয়ে প্রক্রিয়া সম্পন্ন হবে।

এর আগে ২০২৪ সালের ডিসেম্বর থেকে ডাকসু নির্বাচন নিয়ে আলোচনা শুরু হয় এবং সংশোধিত গঠনতন্ত্র ও নির্বাচন আচরণবিধি ইতোমধ্যে সিন্ডিকেটে অনুমোদিত হয়েছে। নির্বাচনকে আরও কার্যকর ও গ্রহণযোগ্য করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি পরামর্শক কমিটি গঠন করা হয়েছে, যা ৯টি মতবিনিময় সভা শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রশাসনের কাছে হস্তান্তর করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সকল পক্ষকে নিয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ডাকসু নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।

This post was viewed: 89

আরো পড়ুন