Skip to main content

Ridge Bangla

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নির্মাণ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ল ড্রেন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ফিশারিজ অনুষদের নিচ দিয়ে নির্মিত একটি আরসিসি ড্রেনের কাজ শেষ হওয়ার আগেই সেটির একটি প্রাচীর ভেঙে পড়েছে। ১৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই ড্রেন ভেঙে পড়ায় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, ড্রেনের একটি অংশ হেলে পড়ে ভেঙে গেছে এবং নির্মাণ শ্রমিকরা সেটি সরিয়ে নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও কর্মকর্তা অভিযোগ করেছেন, নিম্নমানের নির্মাণসামগ্রী এবং অদক্ষ পরিকল্পনার কারণে ড্রেনটি ভেঙে পড়েছে, যার ফলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

ফিশারিজ অনুষদের শিক্ষার্থীরাও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দাবি জানিয়েছেন, কাজ বন্ধ রেখে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

জানা গেছে, কাজটির দায়িত্বে ছিল ‘চৌধুরী এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রকৃতপক্ষে কাজটি করছেন সিলেট শহরের বালুচর এলাকার এনামুল নামের এক ব্যক্তি। সংশ্লিষ্টরা বলছেন, এখানে ‘অদৃশ্য প্রভাব’ রয়েছে।

ভেঙে পড়া ড্রেন নিয়ে এনামুল বলেন, “নিয়ম মেনেই কাজ হয়েছে। তবে সমস্যাটা হয়েছে পরিকল্পনা ও লোড হিসাবের ভুলে। যেখানে ডাবল জালি থাকার কথা, সেখানে মাত্র ৩ মিলিমিটার রডের একটি জালি দেওয়া হয়েছে। কাঠামোয় টানা ও কলম ছিল না এবং অতিরিক্ত বৃষ্টির কারণে মাটির চাপ বেড়ে ড্রেন ভেঙে গেছে।”

ক্ষতিপূরণ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো পরিকল্পনা অনুযায়ী কাজ করেছি, এখন ক্ষতিপূরণ কোথা থেকে দেব?”

ড্রেনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল আল মাহমুদ বলেন, “লোড হিসাব অনুযায়ী যতটুকু রড দরকার ছিল, তা-ই ব্যবহার করা হয়েছে। তবে কিউরিং সঠিকভাবে না করেই মাটি চাপা দেওয়ায় ড্রেন ভেঙেছে।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এটিএম মাহবুব এলাহী জানান, “ঘটনার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। একটি ভুল তথ্যের কারণে এমনটি ঘটেছে। চিন্তার কিছু নেই, দ্রুত এটি ঠিক করা হচ্ছে এবং কাজ চলমান রয়েছে।”

This post was viewed: 62

আরো পড়ুন