Skip to main content

Ridge Bangla

‘শহীদ ফারহান ফাইয়াজ’ সড়কের ফলক উন্মোচন করলো ডিএনসিসি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ফারহান ফাইয়াজের নামে একটি সড়কের নামকরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। শনিবার (১৭ মে) ধানমন্ডির পুরাতন ২৭ নম্বর রোডে এই ফলক উন্মোচন করেন ডিএসসিসি’র প্রশাসক মো. শাহজাহান মিয়া।

অনুষ্ঠানে শহীদ ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া এবং ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহজাহান মিয়া বলেন, “ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের মেধাবী ছাত্র শহীদ ফারহান ফাইয়াজ বৈষম্যবিরোধী বাংলাদেশের স্বপ্নে শহীদ হয়েছেন। তার আত্মত্যাগের স্মৃতিকে ধরে রাখতে পুরাতন ২৭ নম্বর রোডের নামকরণ তার নামে করা হলো।” তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের যে মহৎ উদ্দেশ্য—একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, তা বাস্তবায়নের চেষ্টা চলমান থাকবে।”

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ ফাইয়াজের বাবা বলেন, “আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমি শোকাহত, কিন্তু তার নামে একটি সড়ক নামকরণ করায় অন্তর্বর্তী সরকার এবং ডিএসসিসিকে ধন্যবাদ জানাই।” তিনি আশা প্রকাশ করেন, “ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে যারা শহীদ হয়েছেন, পর্যায়ক্রমে তাদের সবাইকে জাতীয়ভাবে সম্মানিত করা হবে।”

প্রসঙ্গত, গত বছরের ১৮ জুলাই ধানমন্ডির রাপা প্লাজা ও জেনেটিক প্লাজার মাঝখানে ছাত্রলীগ ও পুলিশের হামলায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারির কর্মী ছিলেন।

This post was viewed: 76

আরো পড়ুন