Skip to main content

Ridge Bangla

ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রাক্তন ছাত্র ও বিশিষ্ট ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে ‘ন্যাক্কারজনক’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। সংগঠনটি এ ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছে।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বুধবার (১৬ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে আয়োজিত বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সফলভাবে সম্পন্ন হলেও, এর আগের দিন দুষ্কৃতিকারীরা চারুকলা অনুষদে নির্মিত ফ্যাসিবাদের প্রতিকৃতি ও পায়রার মোটিফে আগুন দেয়। পরবর্তীতে সংশ্লিষ্ট শিল্পী ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় তা মেরামত ও পুনর্নির্মাণ করে শোভাযাত্রা সম্পন্ন করা হয়।

তারা আরও জানান, ঘটনার পরদিন, অর্থাৎ ১৫ এপ্রিল রাতে চারুকলার অ্যালামনাই ও শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, তিনি শিক্ষার্থীদের সঙ্গে মোটিফ নির্মাণে সহায়তা করায় তাঁকে টার্গেট করা হয়।

বিবৃতিতে বলা হয়, গত কয়েকদিন ধরে শোভাযাত্রা কার্যক্রমে যুক্ত কিছু শিক্ষার্থী ও অ্যালামনাইকে ভিনদেশী নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে কুৎসা ও অপপ্রচার।

সাদা দলের নেতৃবৃন্দ ভাস্কর মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি আহ্বান জানান।

This post was viewed: 42

আরো পড়ুন