রাজধানীর মগবাজারে প্রকাশ্যে দিনের আলোয় ভয়াবহ এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। চাপাতি হাতে তিন ছিনতাইকারী এক তরুণের কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেয়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে গত ১৮ মে বিকেলে মগবাজারের গ্রিনওয়ে গলিতে। ভুক্তভোগী তরুণের নাম আবদুল্লাহ, যার বাড়ি কুমিল্লায়। ঘটনার প্রায় এক সপ্তাহ পর, ২৬ মে রাতে তিনি অজ্ঞাত তিন ছিনতাইকারীর বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা দায়ের করেন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু জানান, ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিশ ভুক্তভোগীকে শনাক্ত করে থানায় আনেন। পরে তিনি নিজেই মামলা করেন। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, আবদুল্লাহ ব্যাগ কাঁধে নিয়ে হাঁটছিলেন। তখন একটি মোটরসাইকেলে তিন আরোহী এসে তার পথরোধ করে। পেছনের দুইজনের একজনের মাথায় হেলমেট ও অন্যজনের মুখে মাস্ক ছিল। দুজনের হাতেই ছিল চাপাতি। তারা তাকে আঘাত করে জোরপূর্বক ব্যাগ ছিনিয়ে নেয়।
আবদুল্লাহ ব্যাগ ফেরত চাইলে ছিনতাইকারীরা বারবার চাপাতি উঁচিয়ে তাকে ভয় দেখায় এবং এলাকা ত্যাগ করে। ঘটনার পর ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
ওসি রাজু বলেন, “এটি একটি গুরুতর অপরাধ। আমরা খুব দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনবো।”