ফ্রান্সের কানে চলছে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান চলচ্চিত্র উৎসব। আজ (২৫ মে) ৭৮তম আসরের পর্দা নামছে। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। উপস্থাপনায় থাকবেন লওরা লাফি এবং বিজয়ীদের নাম ঘোষণা করবেন এবারের জুরিপ্রধান জুলিয়েট বিনোশ।
বিশেষ নজরে রয়েছে বাংলাদেশের অংশগ্রহণ। কারণ এবারই প্রথমবারের মতো কানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। এর মাধ্যমে ইতোমধ্যেই রচিত হয়েছে ইতিহাসের নতুন অধ্যায়।
গতকাল ছবিটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন পরিচালক আদনান আল রাজীব, অভিনেতা আল আমিন, প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকজন। আজকের পুরস্কার ঘোষণায় কি উচ্চারিত হবে বাংলাদেশের নাম? এই প্রশ্নে দোলা দিচ্ছে দেশের চলচ্চিত্র অঙ্গন।
মূল প্রতিযোগিতায় রয়েছে ২৩টি সিনেমা। এদের মধ্য থেকে নির্বাচিত হবে সেরা ছবি, সেরা নির্মাতা, সেরা অভিনেতা, অভিনেত্রী ও সেরা চিত্রনাট্য।
সেরা অভিনেতা বিভাগে আলোচনায় রয়েছেন ওয়াগনার মোরা (‘দ্য সিক্রেট এজেন্ট’) ও গিয়েল্ম মারবেক (‘নুভেল বাগ’)।
সেরা অভিনেত্রী হিসেবে এগিয়ে আছেন জেনিফার লরেন্স (‘ডাই, মাই লাভ’) ও লুসিয়া গার্সিয়া (‘সেন্টিমেন্টাল ভ্যালু’)।
সব চোখ এখন কানের মঞ্চে। ইতিহাস রচনা হবে কি না—উত্তর মিলবে আজই।