Ridge Bangla

টেকনাফে ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস করল কোস্ট গার্ড

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযানে উদ্ধারকৃত প্রায় ৪৬ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার (১৬ মে) সকালে টেকনাফ বিসিজি স্টেশনে এসব মাদক আদালতের নির্দেশ অনুযায়ী জনসমক্ষে ধ্বংস করা হয়।

কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন টেকনাফ বিসিজি স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভীর এক সংবাদ সম্মেলনে জানান, চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত চালানো ১২টি মাদকবিরোধী অভিযানে এককভাবে ও র‍্যাবের সহযোগিতায় মোট ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসব মাদকের বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি ৫০ লাখ টাকা।

তিনি আরও জানান, মামলার আলামত হিসেবে ৯৮০ পিস ইয়াবা ও ১৭৫ গ্রাম গাঁজা সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি মাদক আদালতের নির্দেশনা অনুযায়ী ধ্বংস করা হয়েছে।

মাদক ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ শাহীন মজিদ, কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো. আসিফ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ল্যাব প্রতিনিধি।

কমান্ডার তানভীর জানান, নিয়মিত অভিযানের ফলে উপকূলীয় অঞ্চলে মাদক পাচার নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

This post was viewed: 44

আরো পড়ুন