Skip to main content

Ridge Bangla

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন

চীনে চিকিৎসা নিতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা প্রক্রিয়া আরও সহজ করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। রোববার (৪ মে) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসা ভিসার আবেদনকারীদের জন্য চালু করা হয়েছে ‘গ্রিন চ্যানেল’ সুবিধা, যার মাধ্যমে তারা দ্রুত এবং সহজ প্রক্রিয়ায় ভিসা পেতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই উদ্যোগ বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে গ্রহণ করা হয়েছে। গত মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দ্বিপক্ষীয় আলোচনায় চিকিৎসা ভিসা সহজীকরণ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই দেশ।

নতুন নিয়ম অনুযায়ী, চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকবে না। পরিবর্তে, অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলোর মাধ্যমে ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তসম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করা যাবে। ভিসার জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার পর তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। এ ছাড়া, ঢাকাস্থ ভিসা আবেদন কেন্দ্রে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার চালু করা হয়েছে, যেখানে আবেদনকারীরা দীর্ঘ সময় অপেক্ষা না করেই প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে পারবেন।

চীনা দূতাবাস জানিয়েছে, জরুরি রোগীদের জন্য একই দিনে ভিসা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে। যারা পূর্বনির্ধারিত সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের অগ্রাধিকার ভিত্তিতে দেখা করার সুযোগ দেওয়া হবে। শারীরিকভাবে অসুস্থ কোনো রোগী যদি সাক্ষাৎকারে উপস্থিত হতে অক্ষম হন, তবে ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের মাধ্যমে অনলাইন সাক্ষাৎকারের সুযোগও মিলতে পারে।

চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্য ও সহযোগিতার জন্য চালু করা হয়েছে পৃথক হটলাইন, হোয়াটসঅ্যাপ নম্বর এবং সেবা ডেস্ক। দূতাবাস জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি রোগীরা আরও নিরাপদ ও দ্রুত প্রক্রিয়ায় চীনের উন্নত চিকিৎসাসেবা গ্রহণে সক্ষম হবেন।

This post was viewed: 69

আরো পড়ুন