Skip to main content

Ridge Bangla

তেজগাঁওয়ে অজ্ঞান পার্টির খপ্পরে গরু ব্যবসায়ী, খোয়া গেছে ২৫ লাখ টাকা

রাজধানী ঢাকার তেজগাঁওয়ের তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় কোরবানির পশুর হাটে গরু বিক্রি করতে আসা দুই ব্যবসায়ী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে প্রায় ২৫ লাখ টাকা হারিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ী দুজন হলেন—জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চরগাওয়াইয়া গ্রামের মো. হাসান (৫০) ও আনোয়ার হোসেন (৫১)। তারা ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর তিব্বত গরুর হাটে ২৮টি গরু বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। এর মধ্যে কিছু গরু বিক্রির পর তাদের কাছে ছিল মোট ২৫ লাখ টাকা।

তাদের সহকর্মী নূর ইসলাম জানান, রাত সাড়ে ১২টার দিকে হাসান ও আনোয়ার খাবার খেতে হাটের বাইরে যান। অনেকক্ষণ পরও তারা ফিরে না আসায় খোঁজ শুরু করি। পরে তিব্বত-নাবিস্কো মোড় এলাকায় রাস্তার পাশে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়।

অচেতন অবস্থায় হাসানকে রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। আর আনোয়ারকে কাছাকাছি একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয় প্রাথমিক চিকিৎসার জন্য।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, হাসান নামে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার কাছ থেকে ২৫ লাখ টাকা খোয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

This post was viewed: 68

আরো পড়ুন