Skip to main content

Ridge Bangla

ববি শিক্ষার্থীরা মুচলেকা দিলে মামলা-জিডি প্রত্যাহার করা হবেঃ ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) মুচলেকা দিলে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন উপাচার্য শুচিতা শরমিন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

উপাচার্য বলেন, “সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে নতুন রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে।”

তিনি আরও জানান, “শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা ও জিডি মুচলেকার মাধ্যমে প্রত্যাহার করা হবে। তবে ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মহসিন উদ্দীনকে অব্যাহতির বিষয়ে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, কারণ বিষয়টি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন।”

এছাড়া বিশ্ববিদ্যালয়ে ‘ফ্যাসিস্ট সরকারের’ সমর্থক বলে বিবেচিত শিক্ষক-কর্মকর্তাদের চিহ্নিত করতে একজন সিন্ডিকেট সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

সংবাদ সম্মেলনে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিক্ষার্থী জেবুন্নেছা হকের মৃত্যুতে শোক প্রকাশ করেন উপাচার্য। তিনি জানান, জেবুন্নেছা চিকিৎসা সহায়তার জন্য আবেদন করলেও তা না পাওয়ার অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, সাবেক আওয়ামী লীগ নেতা ও তৎকালীন রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণসহ চার দফা দাবিতে শিক্ষার্থীরা কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

এই আন্দোলন দমন করতে গত ২৮ এপ্রিল সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন ১০ জনের নাম উল্লেখসহ আরও ১০-১২ জন অজ্ঞাতনামা শিক্ষার্থীর বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি করেন। এর আগে ১৬ ফেব্রুয়ারি উপাচার্যের বাসভবনের গেট ভাঙচুরের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার পক্ষ থেকে ৩২ শিক্ষার্থীর বিরুদ্ধে বন্দর থানায় মামলা করা হয়।

This post was viewed: 60

আরো পড়ুন