যুক্তরাজ্যের লন্ডনে অক্সফ্যাম এবং যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের যৌথ উদ্যোগে “ব্রিজ টু বাংলাদেশ” (Bridge to Bangladesh) নামে একটি নতুন প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ মে) বিকেলে লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে এই প্ল্যাটফর্মটি উন্মোচন করা হয়। এর মূল লক্ষ্য যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের দক্ষতা, বিনিয়োগ, জ্ঞান ও প্রভাবকে বাংলাদেশের টেকসই উন্নয়নের সঙ্গে সংযুক্ত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের নীতিনির্ধারক, কূটনীতিক, প্রবাসী নেতৃবৃন্দ, সংসদ সদস্য, একাডেমিশিয়ান, উন্নয়ন বিশেষজ্ঞ ও দ্বিতীয় প্রজন্মের তরুণরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের যুক্তরাজ্যস্থ হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বলেন, “আমাদের প্রবাসীরা শুধু অর্থ পাঠান না; তারা সম্প্রদায় গড়েছেন, বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন। ‘ব্রিজ টু বাংলাদেশ’ তাদের সেই শক্তিকে ভবিষ্যৎ নির্মাণের অংশীদার করবে।”
যুক্তরাজ্যের হাউস অফ লর্ডসের সদস্য ব্যারোনেস পলা এই উদ্যোগকে ‘সমষ্টিগত উন্নয়নে সময়োপযোগী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেন।
অক্সফ্যাম জিবির প্রধান নির্বাহী হালিমা বেগম বলেন, “পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অক্সফ্যাম বাংলাদেশের পাশে রয়েছে। আজ আমরা প্রবাসীদের সঙ্গে একত্রিত হয়ে গর্বিত।”
অক্সফ্যাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আশিস দামলে বলেন, “প্ল্যাটফর্মটি শুধুমাত্র আবেগ বা স্মৃতির জন্য নয়, এটি জাতি নির্মাণে সহযোগিতা করবে। প্রবাসীদের আছে মূলধন, চিন্তা, নেটওয়ার্ক, প্রভাব—আমরা চাই সেই সম্ভাবনাকে কাজে লাগাতে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অক্সফ্যাম জিবির প্যাট্রন আজিজ-উর রহমান এবং মূল প্রেজেন্টেশন উপস্থাপন করেন অক্সফ্যাম ইন বাংলাদেশের যোগাযোগ ও অ্যাডভোকেসি বিভাগের প্রধান মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানের শেষে অতিথিরা ‘ব্রিজ টু বাংলাদেশ’ প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দেন। এর ওয়েবসাইট ইতোমধ্যে চালু হয়েছে।
উল্লেখ্য, অক্সফ্যাম একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা, যা বৈশ্বিক দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কাজ করে।