Skip to main content

Ridge Bangla

ঈদে যাত্রীবাহী বিশেষ ট্রেন চলবে ১০টি বাংলাদেশ রেলওয়ে

আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ১০টি বিশেষ যাত্রীবাহী ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগে ও পরে মোট ৯ দিন এসব ট্রেন চলাচল করবে। সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত অংশীজন সভায় এ তথ্য জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

সভায় জানানো হয়, ঈদ উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের চাপ মোকাবিলায় ৫ জোড়া (মোট ১০টি) বিশেষ ট্রেন চালানো হবে। পাশাপাশি, নিয়মিত আন্তঃনগর ট্রেনগুলো আগের মতোই চলবে।

চট্টগ্রাম–চাঁদপুর রুটে চালানো হবে চাঁদপুর ঈদ স্পেশাল-১ ও ২। ট্রেন দুটি ঈদের আগে ৪-৬ জুন এবং পরে ৯-১৪ জুন পর্যন্ত চলবে। চাঁদপুর ঈদ স্পেশাল-১ চট্টগ্রাম থেকে দুপুর ৩টা ২০ মিনিটে ছেড়ে রাত ৮টা ১৫ মিনিটে চাঁদপুর পৌঁছাবে। স্পেশাল-২ চাঁদপুর থেকে রাত ৩টা ৩০ মিনিটে ছেড়ে সকাল ৮টা ১০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে।

ঢাকা–দেওয়ানগঞ্জ রুটে চলবে তিস্তা ঈদ স্পেশাল-৩ ও ৪। ঈদের আগেই ৪-৬ জুন এবং পরে ৯-১৪ জুন পর্যন্ত চলাচল করবে। স্পেশাল-৩ সকাল সাড়ে ৯টায় ঢাকা থেকে ছেড়ে দুপুর সাড়ে ৩টায় দেওয়ানগঞ্জ পৌঁছাবে। স্পেশাল-৪ বিকেল সাড়ে ৪টায় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে রাত ১০টা ১৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

ঈদের দিন ভৈরববাজার–কিশোরগঞ্জ রুটে চলবে শোলাকিয়া ঈদ স্পেশাল-৫ ও ৬। সকাল ৬টায় ভৈরববাজার থেকে ছেড়ে ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে স্পেশাল-৫, এবং বেলা ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজারে ফিরবে স্পেশাল-৬।

ময়মনসিংহ–কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল-৭ ও ৮ চালানো হবে শুধুমাত্র ঈদের দিন। ভোর ৫টা ৪৫ মিনিটে ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল ৮টা ৩০ মিনিটে কিশোরগঞ্জে পৌঁছাবে স্পেশাল-৭। দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ৩টায় ময়মনসিংহে পৌঁছাবে স্পেশাল-৮।

জয়দেবপুর–পার্বতীপুর রুটে ঈদের আগে ও পরে (৪-৬ জুন এবং ৯-১৪ জুন) চলবে পার্বতীপুর ঈদ স্পেশাল-৯ ও ১০। ঈদের আগে স্পেশাল-৯ সন্ধ্যা ৭টায় জয়দেবপুর থেকে ছেড়ে রাত আড়াইটায় পার্বতীপুর পৌঁছাবে। স্পেশাল-১০ পার্বতীপুর থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছেড়ে দুপুর ২টা ২০ মিনিটে জয়দেবপুরে পৌঁছাবে। ঈদের পর একই ট্রেনগুলোর সময়সূচি কিছুটা পরিবর্তন হবে।

This post was viewed: 72

আরো পড়ুন