Skip to main content

Ridge Bangla

চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ-জাপান ইপিএ চুক্তি

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট – ইপিএ) চলতি বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে বলে যৌথভাবে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এই চুক্তি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এক যৌথ ঘোষণায় জানানো হয়, বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ বাড়াতে ইপিএ চুক্তি দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে দুই দেশ কাজ করছে। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেন, “অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ একটি নতুন যুগে প্রবেশ করছে,” এবং তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রচেষ্টায় পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অধ্যাপক ইউনূস জাপানের অর্থনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ভেঙে পড়া অর্থনীতি ও শূন্য কোষাগারের সময়ে জাপানের অবিচল সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি জাপানি বিনিয়োগকারীদের অটোমোবাইল, বৈদ্যুতিক যান, ইলেকট্রনিক্স ও সৌরশক্তি খাতে বিনিয়োগের আহ্বান জানান।

এছাড়া, অধ্যাপক ইউনূস দক্ষ শ্রমিক কর্মসূচির আওতায় বাংলাদেশিদের জাপানে কাজের সুযোগ বাড়ানোর অনুরোধ জানান এবং শিক্ষার্থী ও প্রশিক্ষকদের জন্য শিক্ষা-অবকাশ বাড়ানোর বিষয়ে সহযোগিতা চান।

বৈঠকে দুই নেতা আঞ্চলিক ভূ-রাজনৈতিক ইস্যু নিয়েও মতবিনিময় করেন, যা ভবিষ্যতের কৌশলগত অংশীদারিত্বে আরও দৃঢ়তা আনবে বলে আশা করা হচ্ছে।

This post was viewed: 48

আরো পড়ুন