Skip to main content

Ridge Bangla

বৃষ্টি, নাজমুলের ফিফটি এবং ১১২ রানের লিড নিয়ে দিন পার করল বাংলাদেশ

সিলেট টেস্টের তৃতীয় দিন যতটা না খেলা হয়েছে, তার চেয়ে বেশি সময় গিয়েছে বৃষ্টি ও আলোকস্বল্পতায়। তবুও সীমিত সময়ের খেলায় বাংলাদেশ ব্যাট হাতে তুলনামূলক স্বস্তির দিন পার করেছে। দ্বিতীয় ইনিংসে টাইগাররা ৪ উইকেটে ১৯৪ রান তুলে দিন শেষ করেছে, লিড দাঁড়িয়েছে ১১২ রানে।

বৃষ্টির কারণে দিনের প্রথম সেশন সম্পূর্ণ বাতিল হয়। দুপুরে মাঠ খেলার উপযোগী হলে দ্বিতীয় সেশন থেকে খেলা শুরু হয়। এ সময় মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে আসে ভালো সূচনা। ৬৫ বলে ৩৩ রান করা জয় ফিরলে ভাঙে ওপেনিং জুটি।

এরপর মুমিনুল ও শান্তের ব্যাটে গড়ে ওঠে ৬৫ রানের জুটি, যা বাংলাদেশকে লিড এনে দেয়। ফিফটির দিকে ছুটতে থাকা মুমিনুল শেষ পর্যন্ত ৮৪ বলে ৪৭ রানে নিয়াশা মায়াবোর বাউন্সারে ক্যাচ তুলে দিয়ে ফেরেন।

এরপর মুশফিক মাত্র ৪ রান করে আউট হলেও শান্ত দৃঢ়তা ধরে রাখেন। তার সঙ্গে জুটি বাঁধেন জাকের আলী। দিন শেষে শান্ত ১০৩ বলে ৬০ রান এবং জাকের ২১ রানে অপরাজিত ছিলেন। আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা।

This post was viewed: 82

আরো পড়ুন