Ridge Bangla

ঈদের ছুটির মধ্যে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা দিল বাংলাদেশ ব্যাংক

ঈদুল আজহার ছুটির মধ্যেও আগামী ১১ জুন (বুধবার) ও ১২ জুন (বৃহস্পতিবার) দেশের কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের নির্দিষ্ট শাখা খোলা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৫ মে) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস)।

নির্দেশনায় বলা হয়, ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রফতানিমুখী শিল্প প্রতিষ্ঠান এবং গ্রাহকদের গুরুত্বপূর্ণ বৈদেশিক লেনদেন নির্বিঘ্ন করতে ঢাকা, চট্টগ্রামসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো নিজ বিবেচনায় সীমিত পরিসরে খোলা রাখতে পারবে।

এই দুই দিন অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এবং জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনাটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

এ ছাড়া ঈদের আগে তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর রফতানি বিল নিষ্পত্তি ও শ্রমিকদের বেতন, বোনাস, অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে ৫ জুন সরকারি ছুটির দিনেও ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো নিরাপত্তা নিশ্চিত করে সীমিত লোকবল দিয়ে কার্যক্রম চালাবে।

This post was viewed: 92

আরো পড়ুন