Skip to main content

Ridge Bangla

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ আপিল বিভাগের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাতিল হওয়া রাজনৈতিক নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। রোববার (১ জুন) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের বিচারপতি বেঞ্চ এই রায় দেন। এর মাধ্যমে হাইকোর্টের দেওয়া পূর্বের রায় বাতিল হয়ে গেছে।

তবে জামায়াত আগের নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাবে কি না, সে বিষয়ে আদালত কোনো নির্দেশ দেননি। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

জামায়াতের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, শিশির মনির, নাজিব মোমেন ও মীর আহমেদ বিন কাশেম। এ সময় আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম, সাইফুল আলম খান মিলন, অ্যাডভোকেট জোবায়েরসহ দলটির শীর্ষ নেতারা।

গত ১৪ মে শুনানি শেষে ১ জুন রায় ঘোষণার দিন ধার্য করা হয়। উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে। এরপর ২০১৮ সালে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে নিবন্ধন বাতিল করে। জামায়াতের আপিল ‘ডিসমিস ফর ডিফল্ট’ হিসেবে খারিজ হলেও, পরবর্তীতে সর্বোচ্চ আদালত তা পুনরুজ্জীবিত করেন। তারই ধারাবাহিকতায় এ রায় দেওয়া হলো।

This post was viewed: 75

আরো পড়ুন