বারবার সম্পর্ক ভেঙে যাওয়ার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। তাই এবার প্রেমে নিজের আত্মসম্মান এবং পছন্দ-অপছন্দকে প্রাধান্য দিচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ভবিষ্যতের সম্পর্কে আর কোনো আপস করবেন না।
তিনি জানান, অতীতে প্রেমিকদের খুশি করতে গিয়ে অনেক সময় নিজের স্বকীয়তা হারিয়ে ফেলেছিলেন। কারো পছন্দের খাবার খাওয়া, জীবনযাত্রা বদলে ফেলা কিংবা নিজের ইচ্ছাকে গোপন রাখা—সবকিছুই করেছেন ভালোবাসার জন্য। অনন্যার কথায়, “ভালোবাসার মানুষকে খুশি করতে গিয়ে নিজেকে বদলে ফেলেছিলাম। কিন্তু তারাও তো আমাকে ধরে রাখতে পারেনি। এবার আমি যেমন, আমাকে সেভাবেই গ্রহণ করতে হবে।”
চাঙ্কি পান্ডের কন্যা হলেও অনন্যা নিজ গুণে বলিউডে পরিচিতি গড়েছেন। তবে ব্যক্তিগত জীবনে প্রেমিক ঈশান খট্টর থেকে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্ক—সবই শেষ হয়েছে বিচ্ছেদে। এসব অভিজ্ঞতা থেকে অনন্যা এখন অনেক বেশি আত্মসচেতন।
তিনি বলেন, “লোককে খুশি করা এক বাজে অভ্যাস। যারা নিজের প্রেমিকার জন্য গর্ববোধ করে না, তারা কোনোদিনই যোগ্য সঙ্গী হতে পারে না।” এখন প্রেমে নিজেকে সম্মান না দিলে আর কোনো ছাড় নয়—এই মনোভাব নিয়েই সামনে এগোচ্ছেন তিনি।