Skip to main content

Ridge Bangla

ঢাকা প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সে এনামুল হক বিজয়ের টেস্ট দলে প্রত্যাবর্তন

চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে থাকা এনামুল হক বিজয় বাংলাদেশের টেস্ট দলে ফিরে এসেছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে ইতোমধ্যেই চারটি সেঞ্চুরি করেছেন তিনি। তার দুর্দান্ত ফর্মের পুরস্কার হিসেবেই দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন এই ওপেনার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চট্টগ্রাম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়, আর বাদ পড়েছেন জাকির হাসান, যিনি সিলেট টেস্টের একাদশে ছিলেন না।

৩২ বছর বয়সী এই উইকেটরক্ষক-ব্যাটার সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২২ সালের জুনে ওয়েস্ট ইন্ডিজ সফরে। প্রায় তিন বছর পর আবার সাদা পোশাকে ফিরছেন তিনি। চলতি ডিপিএলে ১৪ ম্যাচে এনামুল করেছেন ৮৭৪ রান, চারটি সেঞ্চুরি ও চারটি ফিফটির মাধ্যমে। তার গড় ৭৯.৪৩ এবং স্ট্রাইক রেট ৯৭.৪৩। আজ আবাহনীর বিপক্ষে শতক হাঁকানোর দিনেই জাতীয় দলের ডাক পান তিনি, যদিও তার দল ১০ রানে হেরেছে।

শুধু সীমিত ওভার নয়, এনামুল দীর্ঘ পরিসরের ক্রিকেটেও ভালো করেছেন। ২০২৩ সালের জাতীয় লিগে তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন—৭ ম্যাচের ১৩ ইনিংসে করেছিলেন ৭০০ রান, একটি সেঞ্চুরি ও ছয়টি ফিফটি সহ।

চট্টগ্রাম টেস্টের দলে আরও একটি পরিবর্তন এসেছে—পেসার নাহিদ রানা পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়ায় তার বদলে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ২৮ বছর বয়সী এই স্পিনার এবারই প্রথম টেস্ট দলে ডাক পেলেন। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তানভীর ইতোমধ্যে চারটি টি-টোয়েন্টি খেলেছেন। চট্টগ্রাম টেস্টটি শুরু হবে আগামী সোমবার, জিম্বাবুয়ের বিপক্ষে।

This post was viewed: 74

আরো পড়ুন