Skip to main content

Ridge Bangla

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিকেলে বিসিবির পরিচালকদের জরুরি সভায় প্রত্যক্ষ ভোটে তিনি এই পদে নির্বাচিত হন।

এর আগে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন নাজমুল হাসান পাপন ও ফারুক আহমেদ। তাঁদের মতো বুলবুলও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই পদে আসীন হলেন। নতুন কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম এবং ভাইস প্রেসিডেন্ট হয়েছেন ফাহিম সিনহা।

৫৭ বছর বয়সি বুলবুল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আইসিসিতে ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং পরিবারসহ অস্ট্রেলিয়ায় বসবাস করছিলেন। এবার দেশের ক্রিকেটের হাল ধরতে ফিরলেন বোর্ডের সর্বোচ্চ পদে।

রাজনৈতিক পটপরিবর্তনের প্রভাব বিসিবিতে

গত বছরের ৫ আগস্ট কোটা সংস্কার আন্দোলনের জেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগ ও রাজনৈতিক পট পরিবর্তনের ধারাবাহিকতায় বিসিবিতেও নেতৃত্ব পরিবর্তন ঘটে। ফারুক আহমেদ মাত্র ১০ মাস দায়িত্ব পালন করার পর ক্রীড়া উপদেষ্টার অসন্তুষ্টির কারণে তাকে সরে যেতে হয়। ৮ পরিচালক তার বিরুদ্ধে অনাস্থা জানানোর পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তার কাউন্সিলর মনোনয়ন প্রত্যাহার করে এবং নতুন কাউন্সিলর হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেয়।

এনএসসির মনোনীত পরিচালক হিসেবে বিসিবিতে যুক্ত হওয়ার পর, শুক্রবার পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন বুলবুল। ধারণা করা হচ্ছে, আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বিসিবি নির্বাচনের আগপর্যন্ত অন্তর্বর্তীকালীন সভাপতি হিসেবেই দায়িত্ব পালন করবেন তিনি, অর্থাৎ মেয়াদ হবে প্রায় ৪ মাস।

This post was viewed: 61

আরো পড়ুন