Ridge Bangla

অ্যাম্বার হার্ড যমজ সন্তানের মা হলেন

হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড যমজ সন্তানের মা হয়েছেন। গতকাল (১১ মে) রোববার মা দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি এ খবর জানান।

হার্ড জানান, তিনি কন্যা অ্যাগনেস এবং পুত্র ওশেনকে স্বাগত জানিয়েছেন। পরিপূর্ণ পরিবার পেয়ে তিনি এতটাই আনন্দিত যে, ভাষায় তা প্রকাশ করতে পারছেন না। এক পোস্টে তিনি তিন জোড়া পায়ের একটি ছবি শেয়ার করে লেখেন, “নিজের মতো করে, নিজের শর্তে, এবং ফার্টিলিটি-বিষয়ক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও মা হওয়া আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা।”

৩৯ বছর বয়সী এই অভিনেত্রী ২০২১ সালে প্রথম কন্যাসন্তান উনার জন্ম দিয়েছিলেন। সে সময়ও তিনি বলেছিলেন, সন্তান নেওয়ার সিদ্ধান্ত ছিল তার চিন্তাভাবনার অংশ এবং সম্পূর্ণভাবে দায়িত্বশীল একটি পদক্ষেপ। তিনি তার পরিবারকে এমন এক পরিবার হিসেবে বর্ণনা করেন, যা তিনি বছরের পর বছর ধরে গড়ে তুলেছেন।

মা দিবসে তিনি লেখেন, “আজ আপনি যেখানেই থাকুন না কেন, যেভাবেই মা হন না কেন, আমি এবং আমার স্বপ্নের পরিবার আপনাদের সঙ্গে মা দিবস উদযাপন করছি।”

২০২১ সালে প্রথম মা হওয়ার সময় হার্ড ইনস্টাগ্রামে লিখেছিলেন, “এখন আমি বুঝি, আমাদের নারীদের নিজেদের ভবিষ্যতের মৌলিক দিকটি নির্ধারণ করাটা কতটা বিপ্লবী চিন্তা।”

অভিনেত্রী হিসেবে অ্যাম্বার হার্ড ‘দ্য রাম ডায়েরি’, ‘ড্রাইভ অ্যাঙরি’, ‘জোম্বিল্যান্ড’ এবং ‘অ্যাকুয়াম্যান’ ছবির জন্য দর্শকদের কাছে জনপ্রিয়। তিনি ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত অভিনেতা জনি ডেপের সঙ্গে সংসার করেছিলেন।

তাদের দাম্পত্য জীবনের পরিণতিতে দুজনই একে অপরের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ আনেন এবং পরে দুটি আলোচিত মানহানির মামলায় জড়িয়ে পড়েন। ২০২০ সালে যুক্তরাজ্যের আদালতে ‘ডেপ বনাম এনজিএন’ মামলায় জনি ডেপ পরাজিত হন। সে সময় হার্ড আদালতে সাক্ষ্য দিয়েছিলেন যে, ডেপ ‘স্ত্রী নির্যাতনকারী’ ছিলেন।

পরবর্তীতে, ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় ছয় সপ্তাহব্যাপী চলা বহুল প্রচারিত মামলায় অ্যাম্বার হার্ডকে জনি ডেপের বিরুদ্ধে মানহানির দায়ে দোষী সাব্যস্ত করা হয়। ডেপকে দেওয়া হয় ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ, যদিও আইনি সীমাবদ্ধতায় এটি পরে কমিয়ে আনা হয়। পাল্টা মামলায় অ্যাম্বার হার্ডও আংশিকভাবে জয়ী হন এবং তাকে ২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

This post was viewed: 36

আরো পড়ুন