Ridge Bangla

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দর্শকের জন্য এয়ার ট্যাক্সি সেবার পরিকল্পনা

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমস উপলক্ষে দর্শকদের যানজট এড়িয়ে দ্রুত যাতায়াত নিশ্চিত করতে এয়ার ট্যাক্সি সেবা চালুর পরিকল্পনা করেছে আয়োজক কর্তৃপক্ষ। আয়োজক কমিটি ঘোষণা করেছে, তারা আর্চার অ্যাভিয়েশনের সঙ্গে একটি চুক্তি করেছে, যারা ‘ইভিটল’ (eVTOL) ব্যবহার করে এই পরিষেবা দিতে আগ্রহী।

এই এয়ার ট্যাক্সিগুলো হেলিকপ্টারের মতো খাড়া উপায়ে উঠতে ও নামতে সক্ষম এবং প্রতিটি ফ্লাইটে চারজন যাত্রী পরিবহন করা যাবে। পরিকল্পনা অনুযায়ী, অলিম্পিক ও প্যারালিম্পিক গেমস চলাকালে দর্শকদের বিভিন্ন ভেন্যুতে ১০ থেকে ২০ মিনিটে পৌঁছে দিতে এই সেবা ব্যবহার করা হবে।

তবে এই পরিষেবা চালুর জন্য প্রয়োজন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) অনুমোদন। আর্চার অ্যাভিয়েশনের সিইও অ্যাডাম গোল্ডস্টেইন জানিয়েছেন, তারা ২০২৮ সালের আগেই ‘টাইপ সার্টিফিকেশন’ পাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। যদিও যাত্রা খরচ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি, তবে কর্তৃপক্ষ জানিয়েছে এটি যেন উচ্চমানের উবারের ভাড়ার মতো হয়, এমনটাই চেষ্টা থাকবে।

আর্চার অ্যাভিয়েশনের ‘মিডনাইট’ নামের ইভিটল উড়োজাহাজটি পরিবেশবান্ধব, কম শব্দ ও কম দূষণ সৃষ্টিকারী প্রযুক্তিতে তৈরি। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিকল্পনাটি সফল হলে এটি ভবিষ্যতের নগর পরিবহনে এক যুগান্তকারী পরিবর্তন আনতে পারে।

This post was viewed: 60

আরো পড়ুন