Skip to main content

Ridge Bangla

লাইভে কান্নার পর অবশেষে বাবাকে নিয়ে ভারত যাচ্ছেন অভিনেত্রী নিদ্রা দে নেহা

সব জটিলতা কাটিয়ে অবশেষে আজ (রোববার) বাবাকে নিয়ে ভারত যাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী নিদ্রা দে নেহা। নিজেই বিষয়টি নিশ্চিত করে নেহা বলেন, “এনওসির জটিলতার কারণে এতদিন বাবাকে দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। তবে এখন সমস্যার মোটামুটি সমাধান হয়েছে। আজ বাবাকে নিয়ে রওয়ানা হচ্ছি।”

কিছুদিন আগেই এক ফেসবুক পোস্টে শোবিজ অঙ্গনে নানা অনৈতিকতার অভিযোগ তুলে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন ছোট পর্দার এই অভিনেত্রী। নেহা জানিয়েছিলেন, নির্মাতাদের অপেশাদার আচরণের শিকার হয়েছেন তিনি, যে কারণে আর শোবিজে থাকতে চান না।

এরই মধ্যে খবর এসেছিল, শাকিব খানের সঙ্গে ‘তাণ্ডব’ সিনেমায় কাজ করছিলেন নেহা। নিজেই এক সাক্ষাৎকারে এই তথ্য জানান। কিন্তু সেই খবর প্রকাশ্যে আসার পর হঠাৎ করেই সিনেমা থেকে বাদ দেওয়া হয় তাকে। অথচ ছবির জন্য নেহা একদিন শুটিংও করেছিলেন এবং বাবার ক্যানসার চিকিৎসার জন্য বিদেশযাত্রার পরিকল্পনাও পিছিয়ে দেন।

নেহা বলেন, “আমি ছবির জন্য সবকিছু স্থগিত করেছিলাম। বাবা ক্যানসারের রোগী। ওনার চিকিৎসার জন্য মুম্বাই যাওয়ার কথা ছিল। কিন্তু আমি দুই মাসের ডেট দিয়ে শুটিংয়ে অংশ নিয়েছিলাম। এরপর এক সংবাদমাধ্যমে ছবির কথা জানাজানি হতেই আমাকে দোষারোপ করা হয়। অথচ আমি ইচ্ছাকৃতভাবে কোনো নিউজ করাইনি।”

এরপরেই আবার লাইভে এসে কাঁদতে কাঁদতে বাবার গুরুতর শারীরিক অবস্থা ও বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তার কথা জানান নেহা। সেই সময় জানান, কাগজপত্র ঠিক না থাকার অজুহাতে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছিল তাদের।

লাইভে তিনি বলেন, “আমার বাবার আগের এনওসির মেয়াদ ছিল। ব্যাংক বলেছিল নতুন করে নেওয়ার দরকার নেই। কিন্তু এয়ারপোর্ট কর্তৃপক্ষ তা মানেনি। অথচ বাবার ট্রিটমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। বাবার এখন একেবারে শেষ পর্যায়। আমি জানি না কী হবে।”

সব জটিলতার পর অবশেষে সবকিছু ঠিক করে আজ ভারতের উদ্দেশ্যে যাত্রা করছেন নেহা ও তার পরিবার।

উল্লেখ্য, নিদ্রা দে নেহা ২০২০ সালে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর প্রতিযোগী ছিলেন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করে বিজ্ঞাপন, নাটক, ওটিটি প্ল্যাটফর্ম এবং শেষ পর্যন্ত সিনেমাতেও নাম লিখিয়েছেন তিনি। গত বছর মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘শরতের জবা’।

This post was viewed: 68

আরো পড়ুন